আসন্ন বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এ বছরও প্রচলিত প্যারেডের আয়োজন থাকছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে দিবসটিকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ‘মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সামগ্রিক নিরাপত্তা সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিজয় দিবসের কর্মসূচিগুলো আগের মতোই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বরং এ বছর বিভিন্ন অনুষ্ঠানের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। তবে গতবার প্যারেড হয়নি, এ বছরও প্যারেডের আয়োজন করা হচ্ছে না।”
তিনি আরও জানান, “শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা বা সহিংসতার আশঙ্কা নেই।”
গত বছর জেলা ও উপজেলা পর্যায়েও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে বন্ধ ছিল। তার পরিবর্তে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছিল ‘বিজয় মেলা’। এবারও সেই ব্যবস্থাই বহাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে একজন সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত ছিলেন না এবং তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
আর/