জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্য বুধবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম ছেড়ে লেবাননের পথে রওনা হয়েছেন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের একটি চার্টার্ড ফ্লাইটে তারা যাত্রা করেন।
বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের চিফ অব স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলমসহ অন্যান্য সিনিয়র নৌ কর্মকর্তারা। প্রেরিত সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন-১৬ এর অধীনে লেবাননে মোতায়েন নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ দায়িত্ব গ্রহণ করবেন।
ক্যাপ্টেন আশরাফুল আলম জানান, জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এর নাবিকরা লেবাননের উপকূলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার ঠেকাতে কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি লেবানীজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক নৌযান ও বিমান পর্যবেক্ষণ, এবং দুর্ঘটনাগ্রস্ত জাহাজে উদ্ধার অভিযানসহ গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক দায়িত্ব পালন করবে।
২০১০ সাল থেকে গত ১৫ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনী লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রেখে আন্তর্জাতিক পরিসরে সুনাম অর্জন করে আসছে।
আর/