মঞ্চে পারফর্ম করার সময় নিজেকে ‘মৃত’ দাবি করে ভক্তদের উদ্বেগে ফেলেছেন ভারপ্তের পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত ৩০ এপ্রিল এক কনসার্টের সময় এই শিল্পী জানান, গত বছরের ডিসেম্বরেই তিনি এই শরীর ত্যাগ করার চেষ্টা করেছিলেন।

সামাজিক মাধ্যমে তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর গায়কের মানসিক স্বাস্থ্য নিয়ে ভক্তমহলে নানা প্রশ্ন ও দুশ্চিন্তা তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝপথে গান থামিয়ে দর্শকদের উদ্দেশ্যে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন দিলজিৎ। বলেন, আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি। আমার মৃত্যুর ভয় নেই। গত ডিসেম্বরে আমি এই শরীর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু এই শরীর ছাড়ার আগে আমার আরও কিছু কাজ করতে হবে।

নিজেকে ‘মৃত’ দাবি করে এই শিল্পী আরও বলেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি, এটা সত্যি।

দিলজিতের এমন রহস্যময় বক্তব্যের পেছনে আধ্যাত্মিকতা নাকি মানসিক অবসাদ কাজ করছে, তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। নেটিজেনদের একাংশ মনে করছেন, অতিরিক্ত খ্যাতি গায়কের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। আবার অনেকের মতে, দিলজিৎ আসলে আধ্যাত্মিক জাগরণের কথা বুঝিয়েছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, তার কারও প্রতি কোনো ক্ষোভ নেই এবং তিনি সবাইকে ভালোবাসেন।

সম্প্রতি জিম ফ্যালনের জনপ্রিয় টক শো-তে দিলজিতের অংশগ্রহণ এবং বিপরীতে পাঞ্জাবের বন্যার সময় তাকে পাশে না পাওয়ার অভিযোগে স্থানীয় কিছু মানুষ তার সমালোচনা করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই নেতিবাচক প্রতিক্রিয়ার জবাব দিতে গিয়েই তিনি মঞ্চে এমন আবেগপ্রবণ ও রহস্যময় মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে দিলজিৎ বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত পরিষ্কার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এস/

 

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}