মাদক বিক্রিতে বাধা দেওয়ায় চাঁদপুর শহরের রহমতপুর কলোনিতে মোজাম্মেল ওরফে মুসা পাটওয়ারী (২৫) নামে একজনকে হত্যা করার অভিযোগে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। এই মামলার সাথে জড়িত অপর আসামিদের খালাস দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষে আইনজীবী পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

হত্যার শিকার মোজাম্মেল ওরফে মুসা পাটওয়ারী (২৫) চাঁদপুর শহরের রহমতপুর কলোনির সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। হত্যা মামলার অভিযুক্ত মো. বশির (৩৭) একই এলাকার মৃত তাজু মেম্বারের ছেলে। এ মামলায় জড়িত অভিযুক্ত মো. বশিরের আরও ৩ ভাইকে খালাস দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, এই আসামি ওই এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত ছিল। প্রায় সময় মাদক বিক্রিতে বাধা প্রদান করতেন মুসা। এরই সূত্র ধরে ২০১২ সালের ২২ ডিসেম্বর মুসাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়িতে মারধর করে আসামিরা। বশিরের আঘাতে মারা যায় মুসা। পরবর্তীতে মুসার মা বাদি হয়ে থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী অ্যাডভোকেট কুহিনুর বেগম বলেন, এ মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন। আদালত মামলার সাথে সরাসরি জড়িত বশিরকে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এস/

 

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}