গত আগস্টের শেষ দিনে আচমকা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন লিওনেল মেসি। তাতে বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচই ছিল তার শেষ। কিন্তু এমন মলিন বিদায় চায়নি তার দেশ। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে সমর্থকদের ভালোবাসা নিয়ে বিদায়ের সুযোগ করে দিচ্ছে।
সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিন ম্যাচের সূচি ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার আতিথেয়তা নিয়ে ৩ ও ৬ অক্টোবর ঘরের মাঠে বুরকিনা ফাসো ও বেনিনের সঙ্গে খেলবে আলবিসেলেস্তেরা। মেসির বিদায় রাঙাতে আয়োজন করা হচ্ছে বেনিন ম্যাচ। ইতোমধ্যে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে বিশ্বজয়ী অধিনায়ককে।
মেসির ‘লাস্ট ড্যান্সের’ প্রতিপক্ষ বলে বেনিনকে নিয়ে কৌতূহল থাকা অস্বাভাবিক নয়। আফ্রিকান দলটি ফিফা র্যাঙ্কিংয়ের ৯৩ নম্বরে আছে। এই দলটি অল্পের জন্য প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ হারায়।
দেশটি পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরের তীরে অবস্থিত। টোগো, নাইজেরিয়া, বুরকিনা ফাসো ও নাইজারের সঙ্গে তাদের সীমান্ত সংযোগ রয়েছে। রাজধানী পোর্তো-নোভো। তবে তাদের প্রধান অর্থনৈতিক কেন্দ্র অন্যতম গুরুত্বপূর্ণ শহর কোতোনো। দেশটির জনসংখ্যা প্রায় দেড় কোটি।
বেনিনের সরকারি ভাষা ফরাসি। যদিও ফন ও ইউরুবাসহ একাধিক স্থানীয় ভাষা রয়েছে। অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম সর্বনিম্ন মাথাপিছু জিডিপি বেনিনের।
ফুটবলে বেনিন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য। কখনও তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করেনি। তবে ২০২৬ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারের বাধা অল্পের জন্য উতরে যেতে পারেনি তারা।
২০২৫ সালের মার্চে সবকিছু বদলে যায়। লেসোথোকে ২-০ গোলে হারায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু একাধিক হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ মিডফিল্ডার তেবোহো মোকোয়েনাকে নামিয়ে শাস্তি পায় তারা। দক্ষিণ আফ্রিকাকে ৩-০ তে পরাজিত ঘোষণা করা হয়।
ওই শাস্তিতে বদলে যায় সি গ্রুপের চিত্র। শীর্ষে থেকে বেনিন শেষ ম্যাচ খেলতে নামে, দক্ষিণ আফ্রিকা তাদের চেয়ে ২ পয়েন্ট পেছনে ছিল। তাতে করে বিশ্বকাপ ভাগ্য নিজেদের মুঠোয় নেয় বেনিন। কিন্তু ভিক্টর ওসিমহেনের হ্যাটট্রিকে নাইজেরিয়ার কাছে তারা ৪-০ গোলে হেরে যায়। ওদিকে দক্ষিণ আফ্রিকা ৩-০ গোলে রুয়ান্ডাকে হারিয়ে গ্রুপের প্রথম স্থান দখল করে। তাতে তারা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়। দ্বিতীয় স্থানে শেষ করে নাইজেরিয়া আফ্রিকান প্লেঅফে খেলার সুযোগ পায়। বেনিন তিনে থেকে বিদায় নেয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শাস্তি বেনিনকে অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছিল। কিন্তু দলটি তার সদ্ব্যবহার করতে পারেনি। এখন আফ্রিকান দলটি খেলবে গতবারের বিশ্বকাপের রানার্সআপ দল আর্জেন্টিনার সঙ্গে। তবে মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ হওয়ার কারণে গর্ব করার মতো পারফরম্যান্স করতে চাইবে তারা।
মন্তব্য করুন