ব্রিসবেনে শুরু হওয়া গোলাপি বলের দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করছে সফরকারী ইংল্যান্ড। লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ১২০ রান।
টসে জিতে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কিন্তু শুরুর ঝড়টা তোলে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের মতোই দারুণ সূচনা করেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ইনিংসের প্রথম ওভারের শেষ ডেলিভারিতেই বেন ডাকেটকে আউট করে ইংল্যান্ডকে চাপে ফেলেন তিনি।
চলমান অ্যাশেজ সিরিজে টানা তৃতীয়বার নতুন বল হাতে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন স্টার্ক। দ্রুতই তার গতির সামনে টিকতে পারেননি তিন নম্বরে নামা ওলি পোপও। কোনো রান না করেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এ মুহূর্তে ইংল্যান্ডের হয়ে ক্রিজে রয়েছেন ওপেনার জ্যাক ক্রলি (৭৬) এবং অভিজ্ঞ জো রুট (৩৯)।
গোলাপি বলের টেস্টে শুরু থেকেই আধিপত্য দেখানো স্টার্ক ইতোমধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক। তার সংগ্রহ এখন ৮৩ উইকেট, যা দ্বিতীয় স্থানে থাকা প্যাট কামিন্সের (৪৩) তুলনায় অনেক এগিয়ে। পাশাপাশি, আজ তিনি ইতিহাস গড়ে পিংক বল নিয়ে কোনো একক প্রতিপক্ষের বিপক্ষে ২০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি স্থাপন করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬ ইনিংসে তার শিকার এখন দুই ডজনের কাছাকাছি।
সিরিজের প্রথম টেস্ট পার্থে দুই দিনেই শেষ হলেও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ট্রাভিস হেডের ঝড়ো ৮৩ বলে ১২৩ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
আর/