MNB News
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই এশিয়া কাপ জিতেও ট্রফি বুঝে পায়নি ভারত, যা ভাবছে বিসিসিআই

পুরুষদের পর নারী এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে দুটি ট্রফির একটিও নেয়নি দেশটি। এসিসিও চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি বুঝিয়ে দেয়নি।

ভারত আগে থেকেই জানিয়েছিল, পাকিস্তান ক্রিকেট প্রধানের হাত থেকে ট্রফি নেবে না তারা। অন্যদিকে, মহসিন নাকভিও বিকল্প ব্যবস্থা রাখেননি। প্রশ্ন উঠছে, ট্রফিগুলো তাহলে কোথায় যাচ্ছে? ভারত কি আদৌ নিজেদের জেতা শিরোপা ছুঁয়ে দেখতে পারবে?

এদিকে, ভারতীয় গণমাধ্যমের খবর, দুটি ট্রফিই খুব তাড়াতাড়ি ভারতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকীয়া। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাইকীয়া জানিয়েছেন, ট্রফি বুঝে পেতে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সাইকীয়া বলেছেন, ‘কেউ যদি গোঁয়াড় হন, সমস্যা সমাধান করতে না চান, তাহলে সেটা তার ব্যাপার। আমাদের সমস্যা নয়। আমরা শুধু পরামর্শ দিতে পারি। সেটা বাস্তবায়িত করতে পারি না। এ ব্যাপারে আমাদের কোনও ভূমিকা নেই। তবে আমি আশ্বস্ত করছি, বিসিসিআই খুব তাড়াতাড়ি ট্রফি দুটি দেশে নিয়ে আসবে। এটা সবাই জানে।’

তাড়াতাড়ি বলতে কত দিনের মধ্যে ট্রফিগুলো নিয়ে আসা যাবে? এমন প্রশ্নের জবাবে সাইকীয়া বলেছেন, ‘কোনও নির্দিষ্ট সময় এখনই বলতে পারব না। এটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি ট্রফিগুলো আমাদের কাছে চলে আসবে। শুধু মেয়েদের ট্রফিটা নয়, যেটা আমরা গত বছর জিতেছিলাম সেটাও আসবে। এক বছরের বেশি হয়ে গেল, আমরা ট্রফিটা পাইনি। আমরা দুটো প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছি। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। দুটো ট্রফিই আপনারা খুব তাড়াতাড়ি মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দফতরের আলমারিতে দেখতে পাবেন।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি না হওয়ার পর থেকেই জটিলতার শুরু। সূর্যকুমার যাদবদের পথ অনুসরণ করেছেন হরমনপ্রীত কৌররাও। তাই গত বছরের ছেলেদের এশিয়া কাপ ট্রফি এবং এবারের মেয়েদের এশিয়া কাপ ট্রফি কোনোটাই এখনও ভারতকে দেয়নি এসিসি। প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে তিক্ততা আরও বেড়েছে। যার রেশ পড়েছে বাইশগজের ক্রিকেটেও।

 

মন্তব্য করুন