MNB News
২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডাক্তার দেখাতে বের হয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী আহত

স্বামীর সঙ্গে ডাক্তার দেখানো হলো না চায়না রানী বিশ্বাসের। ডাক্তারের চেম্বারে পৌঁছানোর আগেই ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নিল। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া বিআরবি কেবলসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চায়না রানী বিশ্বাসের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলা পাড়া ও বিদ্যুৎ কুমার বিশ্বাসের স্ত্রী।

স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, স্ত্রী চায়না রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাকে ডাক্তার দেখানোর জন্য সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা হন। শহরের প্রবেশ মুখে বিআরবি কেবলসের সামনে সড়কের ফোর লেনের একপাশের কাজ শেষ না হওয়ায় অন্যদের মত বাধ্য হয়ে উল্টো রাস্তায় যান। এসময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তারা দুজনেই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চায়না রাণী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক সুলতান জানান, মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ট্রাক এবং চালক শনাক্ত করতে পারব।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। পুলিশ চালক ও ট্রাকটি শনাক্তে কাজ করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন