সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তরের কার্যকরী সদস্য মাহফুজুর রহমান মিতার ছয় দিন ও তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্র পক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মো. আতিকুর রহমান খান রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, আসামিরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবৈধ মিছিল, রাষ্ট্রবিরোধী স্লোগান ও ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল পরিকল্পনা উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার এবং তাদের হেফাজতে থাকা অবৈধ ককটেল-বোমার উৎস জানার জন্য আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
মামলার বিবরণী অনুযায়ী, গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবৈধ মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ রিমান্ডে পাঠানো হলো।
মন্তব্য করুন