জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় শুক্রবার বিকেলে জুলাইযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে পুলিশের তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি ছত্রভঙ্গ করে দেয়।
এই ঘটনার পর প্রতিবাদ ও দাবি আদায়ের অংশ হিসেবে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে জুলাইযোদ্ধা সংসদ।
সংগঠনটি জানিয়েছে, আগামী রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের জেলা শহরগুলোর প্রধান মহাসড়ক অবরোধ করা হবে।
সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংগঠনের মুখ্য সমন্বয়ক মাসুদ রানা সৌরভ বলেন, “আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। কিন্তু বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে রোববার আমরা সারাদেশে তিন ঘণ্টার মহাসড়ক অবরোধ করব।”
তিনি আরও বলেন,“আমরা আমাদের আত্মত্যাগের ন্যায্য স্বীকৃতি চাই। যদি আমাদের সেই মর্যাদা না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কেউ দেশের জন্য জীবন দিতে আগ্রহী হবে না।”
জুলাইযোদ্ধা সংসদের তিনটি মূল দাবি হলো—
১) জুলাই শহীদদের জাতীয় বীর এবং আহত বা পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের ‘বীর’ উপাধি প্রদান।
২) শহীদ ও আহত যোদ্ধাদের পরিবার পুনর্বাসনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা।
৩) দায়মুক্তি ও সুরক্ষা আইন প্রণয়ন, যাতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো জুলাইযোদ্ধাকে হয়রানি করা না হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সঙ্গে আলোচনা না হলে আন্দোলনের পরবর্তী ধাপ আরও কঠোর হবে।
আর/