বর্ধিত যাত্রীচাপ মোকাবিলায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে কার্যকর নতুন সূচি অনুযায়ী সকালে ট্রেন চলাচল শুরুর সময় এবং রাতে বন্ধের সময়—উভয় ক্ষেত্রেই আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, আজ থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়ছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা পূর্বে ছিল সকাল ৭টা ১০ মিনিট। একইভাবে, মতিঝিল থেকে উত্তরা অভিমুখে শেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।
শুধু শুক্রবারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে—এদিন মেট্রোরেল চালু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, যেখানে আগে শুরু হতো বেলা ৩টায়।
নতুন সূচির প্রথম দিন সকালে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ধীরে ধীরে বৃদ্ধি পায়। যাত্রীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং একে যাতায়াতে সুবিধাজনক হিসেবে বর্ণনা করেছেন।
বর্তমানে প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে গড়ে চার লাখেরও বেশি যাত্রী চলাচল করেন। যাত্রীরা এখন ট্রেনের ট্রিপ সংখ্যা আরও বাড়ানোর দাবি তুলেছেন।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ট্রিপ সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা যাচাই করা হচ্ছে এবং সবকিছু পরিকল্পনামাফিক এগোলে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে অতিরিক্ত ট্রিপ চালু করা যেতে পারে ।
আর/