চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে কেরানিহাট এলাকায় পথচারী ও স্থানীয়রা সড়কে অবস্থান নিলে মহাসড়কটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা সড়কের নিরাপত্তাহীনতা এবং ঘনঘন দুর্ঘটনার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, মহাসড়কটি এখন মৃত্যু ঝুঁকির অন্যতম স্থান। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বড় দুর্ঘটনা ঘটছে। তারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে দাবি জানালেও কোনো বাস্তব পরিবর্তন হয়নি। তাই বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে।
অংশগ্রহণকারীরা আরও জানান, এই মহাসড়ক দিয়ে শুধু স্থানীয় মানুষই নয়, দেশের অর্থনীতি, পর্যটন কেন্দ্র কক্সবাজারগামী যাত্রী, এমনকি রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ কার্যক্রমও পরিচালিত হয়। ব্যস্ততম এই সড়কের অনেক অংশ এখনো অত্যন্ত সরু; জাঙ্গালিয়ার মতো কিছু জায়গা ঢালু ও বিপদসংকুল। রাতের বেলা লবণবাহী ট্রাক চলাচলে রাস্তা পিচ্ছিল হয়ে ঝুঁকি আরও বাড়ে। প্রতিটি দুর্ঘটনার পর সড়ক প্রশস্তের প্রতিশ্রুতি মিললেও কাজের অগ্রগতি নেই।
উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের পর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে ১১ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানকেও দাবি জানানো হয়। কিন্তু এখনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় এলাকাবাসী আবারও আন্দোলনে নেমেছেন।
আর/