ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালি থেকে বিপুল পরিমাণ চোরাই জ্বালানি বহনকারী একটি বিদেশি জাহাজ থামিয়ে দিয়েছে। জাহাজটিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার অবৈধ জ্বালানি পাওয়া গেছে। এতে থাকা ১৩ জন নাবিকের মধ্যে ১২ জন ভারতের নাগরিক, আর একজন পার্শ্ববর্তী দেশের বাসিন্দা। জাহাজটি আটকের পর বুশেহর বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, এসওয়াতিনি পতাকা ধারণ করা জাহাজটি প্রণালি এলাকায় অনুমোদনহীন জ্বালানি পরিবহনের সময় ধরা পড়ে। স্থানীয় আইআরজিসি কর্মকর্তারা জানান, জাহাজের ক্রুরা সরাসরি জ্বালানি পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক রয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে আইআরজিসি মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী আরেকটি ট্যাঙ্কার আটক করেছিল। পরবর্তী সময়ে জাহাজটি ও এর ২১ জন নাবিককে মুক্তি দেওয়া হয়। ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, ওই ট্যাঙ্কারটি সিঙ্গাপুরগামী ছিল এবং ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য অবৈধভাবে রপ্তানির চেষ্টা করছিল। এই চক্রের পেছনে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠান ইরানি নাগরিক বলে জানিয়েছিল সংস্থাটি।
ফার্স আরও জানিয়েছে, জাহাজ আটক করার ঘটনায় কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি কেবল স্থানীয় আইন প্রয়োগের অংশ।
সূত্র: রয়টার্স
আর/