বিশ্বকাপের বাকি মাত্র ৭২ দিন, ঠিক এই মুহূর্তে বড়সড় এক ধাক্কা খেলো ঘানা ফুটবল। টানা হারের বৃত্তে থাকা ব্ল্যাক স্টারসরা ছাঁটাই করেছে তাদের প্রধান কোচ অটো আদ্দোকে। জার্মানির কাছে প্রীতি ম্যাচে হারের কয়েক ঘণ্টার মধ্যেই এলো এই ঘোষণা।
জার্মানির বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত ১-১ সমতায় থাকলেও শেষ মুহূর্তের গোলে হারতে হয় ঘানাকে। টানা চার ম্যাচে পরাজয়ই কাল হলো অটো আদ্দোর জন্য। অস্ট্রিয়া, জাপান আর দক্ষিণ কোরিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পর আর ধৈর্য ধরতে পারেনি ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।
দ্বিতীয় মেয়াদে গত বছর দায়িত্ব নিয়ে দলকে বিশ্বকাপে তুললেও ব্যর্থ হয় আফ্রিকা কাপ অব নেশনসে কোয়ালিফাই করতে। আদ্দো ছিলেন ঘানার ইতিহাসের প্রথম ব্যক্তি, যিনি খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকায় বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন।
আসছে ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ঘানার বিশ্বকাপ মিশন। ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের গ্রুপে থাকা ঘানা এখন কার হাত ধরে ঘুরে দাঁড়াবে সেটিই দেখার বিষয়।
এস/