রাজধানী ঢাকায় আজও তীব্র গরমের অনুভূতি বিরাজ করতে পারে। আকাশে কিছুটা মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে আজও রাজধানীবাসীকে শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার মধ্যে অস্বস্তিকর দিন কাটাতে হতে পারে।
রোববার সকাল (২৬ অক্টোবর) ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, দিনের প্রথম ভাগে ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে কখনো মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আবহাওয়া সার্বিকভাবে শুষ্কই থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যদিও এই হালকা বাতাস গরমের অস্বস্তি দূর করতে তেমন কার্যকর হবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না বলেও জানিয়েছে অধিদপ্তর।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। এর আগের দিন, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে আগামী মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে অনুমান করছে আবহাওয়া অফিস।
অন্যদিকে, শনিবার প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ।
আর/