জাতিসংঘের সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর এলাকা হিসেবে শীর্ষে উঠে এসেছে। শহরটির জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪১ দশমিক ৯ মিলিয়ন। অন্যদিকে ৩৬ দশমিক ৬ মিলিয়ন মানুষের বসবাস নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দীর্ঘদিন শীর্ষে থাকা জাপানের টোকিও এবার ৩৩ দশমিক ৪ মিলিয়ন জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তর প্রকাশিত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে—বিশ্বজুড়ে এখন মোট ৩৩টি মেগাসিটি, অর্থাৎ যেসব শহরে অন্তত এক কোটি মানুষ বসবাস করে। ১৯৭৫ সালে এমন শহরের সংখ্যা ছিল মাত্র ৮; অর্থাৎ পাঁচ দশকে এ সংখ্যা চার গুণেরও বেশি বেড়েছে। এই ৩৩টির মধ্যে ১৯টি এশিয়ায়, আর শীর্ষ দশের মধ্যে ৯টিই এশিয়ার শহর।
শীর্ষস্থানীয় জনবহুল শহরগুলোর তালিকা :
জাকার্তা, ইন্দোনেশিয়া – ৪১.৯ মিলিয়ন
ঢাকা, বাংলাদেশ – ৩৬.৬ মিলিয়ন
টোকিও, জাপান – ৩৩.৪ মিলিয়ন
নয়াদিল্লি, ভারত – ৩০.২ মিলিয়ন
সাংহাই, চীন – ২৯.৬ মিলিয়ন
গুয়াংঝু, চীন – ২৭.৬ মিলিয়ন
মনিলা, ফিলিপাইন – ২৪.৭ মিলিয়ন
কলকাতা, ভারত – ২২.৫ মিলিয়ন
সিউল, দক্ষিণ কোরিয়া – ২২.৫ মিলিয়ন
এ ছাড়া শীর্ষ দশে একমাত্র এশিয়ার বাইরে থাকা শহর কায়রো (মিসর), যার জনসংখ্যা প্রায় ৩২ মিলিয়ন।
ঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—গ্রামাঞ্চল থেকে বিপুল মানুষের শহরমুখী হওয়া, কর্মসংস্থানের খোঁজে রাজধানীতে আগমন, এবং জলবায়ু পরিবর্তনজনিত বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাধ্য হয়ে স্থান ত্যাগ করা মানুষদের ঢাকায় আশ্রয় নেওয়া।
জাকার্তাও কঠিন পরিবেশগত সংকটের মুখে। বিশেষজ্ঞরা মনে করেন, ২০৫০ সালের মধ্যে শহরের প্রায় এক-চতুর্থাংশ এলাকা সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে। তাই ইন্দোনেশিয়া ইতোমধ্যেই বোরনিও দ্বীপের ইস্ট কালিমান্তানে নুসান্তারা নামে নতুন রাজধানী নির্মাণের কাজ শুরু করেছে। তবে জাতিসংঘের পূর্বাভাস বলছে—সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি সত্ত্বেও ২০৫০ সালে জাকার্তার জনসংখ্যা আরও ১০ মিলিয়ন বাড়তে পারে।
নতুন প্রতিবেদনে শহর নির্ধারণের সংজ্ঞাও হালনাগাদ করা হয়েছে। এখন শহর বলতে এমন সকল সংলগ্ন অঞ্চলকে বোঝানো হচ্ছে যেখানে প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১,৫০০ বাসিন্দা রয়েছে এবং জনসংখ্যা কমপক্ষে ৫০ হাজার। এই সংজ্ঞা বিশ্বব্যাপী নগরায়নের ব্যবধান তুলনা আরও সহজ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
আর/