জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে গ্রেপ্তারের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ট্রাইব্যুনালসংশ্লিষ্ট একটি সূত্র।
একইদিন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে তাকে আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পলক ইতোমধ্যেই অন্য কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। বুধবার (৩ ডিসেম্বর) রাতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, দীর্ঘ অনুসন্ধানের পর প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে।
মামলার অভিযুক্ত অন্য তিনজন হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বর্তমানে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক বিভিন্ন মামলার কারণে কারাগারে আছেন। তবে সজীব ওয়াজেদ জয় বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
আর/