আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা দুর্নীতিতে জড়িত বা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত, তাদের ভোটে প্রত্যাখ্যান করতে পারলে দেশের সামগ্রিক দুর্নীতির প্রবণতা অনেকটাই কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তার মতে, সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা গেলে রাষ্ট্রব্যবস্থায় শুদ্ধতার ধারা আরও জোরদার হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনের প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি বলেন, সমাজের প্রায় প্রতিটি স্তরে দুর্নীতির বিস্তার ঘটেছে, ফলে একে পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও সম্মিলিত প্রচেষ্টায় এর মাত্রা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
দিবসটির সূচনা হয় জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পরে সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে কমিশনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা দেয়। জাতিসংঘের ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক) চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি রাষ্ট্র একযোগে দিনটি উদযাপন করে থাকে।
এবারের প্রতিপাদ্য— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, নির্মাণ করবে সৎ ভবিষ্যৎ”। দেশের মতো এবারও রাজধানীসহ ৮টি বিভাগ, ৬৪ জেলা ও ৪৯৫টি উপজেলায় বৃহৎ পরিসরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
আর/