অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার কিছু আগে রাজধানীর যমুনা ভবনে এই বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিত্ব করছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
বৈঠকের নির্দিষ্ট আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার টেবিলে উঠতে পারে।
বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সিদ্ধান্ত জানানো হবে কি না, সে দিকেও নজর রাখছেন সংশ্লিষ্টরা।
আর/