ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সহায়তাকারী তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, হামলার ঘটনায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা হামলাকারীদের শনাক্ত করা বা গ্রেপ্তারের ক্ষেত্রে কার্যকর ও নির্ভরযোগ্য তথ্য দিতে পারবেন, তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতাসহ যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং অপরাধে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম জোরদার করেছে এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে দোষীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আর/