বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বা বিভ্রান্তিকর প্রচারণা চালানো বিএনপির রাজনীতিতে নেই।
শনিবার বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি বলেন, “বিএনপি কখনোই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না। অন্যদিকে একটি দল নিজেদের ধর্মীয় মূল্যবোধকে অবমূল্যায়ন করে বিদেশি শক্তিকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, যা দেশের জন্য অকল্যাণকর।”
দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে—যারা একসময় গণহত্যা চালিয়েছে, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এর মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র করেছে। তবে তারা পুরোপুরি বিদায় নেয়নি—তাদের প্রভাব এখনো রয়ে গেছে। তাই আমাদের সতর্ক থেকে দেশের স্বার্থে কাজ করতে হবে।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “যাদের জয়ের কোনো সম্ভাবনা নেই, তারাই এখন নির্বাচনের আড়ালে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বিজয় নিশ্চিত জেনে কিছু রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো স্বৈরশাসকের উত্থান মেনে নেবে না। তারা গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
তিনি আরও বলেন, “জনগণকে বিভ্রান্ত করতে এখন নানা কৌশলে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু বিএনপি সর্বদা সত্য, ন্যায় ও সৎ রাজনীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জনে বিশ্বাস করে। আমাদের লক্ষ্য দেশের শান্তি, অগ্রগতি ও টেকসই উন্নয়ন।”
আর/