ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অভিযান পরিচালনা এবং সহিংসতা রোধের কৌশল নিয়ে বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এটি আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনের পূর্ববর্তী সময়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে।
বৈঠকের আলোচ্য মূল বিষয়সমূহ :
> সারাদেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও সংঘবদ্ধ অপরাধী চক্রের কার্যক্রম দমন ও প্রতিরোধে ব্যবস্থ গ্রহণ।
> জুলাই হত্যাকাণ্ড মামলার অগ্রগতি পর্যালোচনা এবং উসকানিমূলক অনলাইন প্রচারণা মোকাবিলা নিয়ে আলোচনা।
> নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ সহিংস অপরাধের বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ জোরদার।
> মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে কার্যকর অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধেকঠোর ব্যবস্থা।
> জামিনে মুক্ত সন্ত্রাসীদের পুনরায় অপরাধে জড়ানো রোধে কৌশল নির্ধারণ এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা প্রতিরোধ।
> গার্মেন্টস ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা।
> শিল্পপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা পর্যবেক্ষণ ও প্রতিরোধের বিষয়ে দিকনির্দেশনা।
> অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত।
> সীমান্ত ও পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি মূল্যায়ন।
> রোহিঙ্গা শরণার্থী শিবিরের আইন-শৃঙ্খলা ও মানবিক অবস্থা নিয়ে আলোচনা।
> মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা।
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন— আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল; শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান; খাদ্য ও ভূমিবিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, রেল ও সেতুবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া; নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ; ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
আর/