‘প্রিয়তমা’ দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এরপর ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। শাকিব খানের সঙ্গে তার পর্দার রসায়নও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
সেই সফল জুটিকে আবারও বড় পর্দায় দেখা যেতে যাচ্ছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হতে যাওয়া নতুন সিনেমা ‘প্রিন্স’-এ আবারও একসঙ্গে অভিনয় করবেন শাকিব খান ও ইধিকা পাল।
সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘প্রিন্স’-এর নায়িকা হিসেবে ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছেন ইধিকা। সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু ঘোষণার অপেক্ষা। জানা গেছে, এই সিনেমার জন্য ইধিকা পাল প্রায় ২৮ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন, যার মধ্যে ১৫ লাখ রুপি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। নির্মাতা টিম কিছুটা সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে চায়।
‘প্রিন্স’ সিনেমার গল্প গড়ে উঠেছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে। এটি পরিচালনা করবেন আবু হায়াত, গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্য যৌথভাবে করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
বর্তমানে শাকিব খান তার নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিংয়ে ব্যস্ত, যেখানে তার সহশিল্পী তানজিন তিশা। অন্যদিকে ইধিকা এখন যুক্তরাজ্যের লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শুটিং করছেন, সেখানে তার বিপরীতে রয়েছেন টলিউড তারকা দেব।
চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা, ‘প্রিন্স’- সিনেমা দিয়ে আবারও শাকিব-ইধিকার জুটি দর্শকদের মুগ্ধ করবে।
আর/