বর্তমানে অবসর সময় কাটানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে স্মার্টফোনে ইউটিউব দেখা। তবে নিয়মিত ভিডিও স্ট্রিমিংয়ের কারণে অল্প সময়েই শেষ হয়ে যায় ইন্টারনেট প্যাক। বিশেষ করে সীমিত ডেটা ব্যবহারকারীদের জন্য এটি বেশ বড় এক ঝামেলা। তবে কিছু সহজ পরিবর্তন আনলেই ইউটিউব দেখা যাবে অনেক কম ডেটা খরচে।
জেনে নিন কীভাবে—
১. ভিডিওর মান কমিয়ে দেখুন
ডেটা বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ভিডিওর রেজোলিউশন বা কোয়ালিটি কমিয়ে দেখা। এজন্য ইউটিউব ভিডিওর নিচে থাকা ‘সেটিংস’ আইকনে ট্যাপ করে ‘কোয়ালিটি’ মেনুতে যান। সেখান থেকে ‘ডেটা সেভার’, ১৪৪পি, ২৪০পি বা ৩৬০পি বেছে নিন। এতে ভিডিওর ছবি কিছুটা ঝাপসা লাগলেও ডেটা খরচ কমে যাবে অনেকটা।
২. ‘ডেটা সেভার মোড’ সক্রিয় রাখুন
ইউটিউব অ্যাপে থাকা ‘ডেটা সেভার মোড’ চালু রাখলে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে নিম্নমানের রেজোলিউশনে চলে আসে। এজন্য ইউটিউব অ্যাপে গিয়ে Settings → Data Saving এ গিয়ে অপশনটি অন করুন। এতে প্রতিবার ম্যানুয়ালি কোয়ালিটি পরিবর্তনের প্রয়োজন হবে না।
এ ছাড়া ভিডিও ডাউনলোড করার সময় খেয়াল রাখুন যেন মোবাইল ডেটা নয়, শুধুমাত্র ওয়াই–ফাই সংযোগে ডাউনলোড হয়—এতে অপ্রয়োজনীয় ডেটা খরচ এড়ানো সম্ভব।
৩. ‘অটো–প্লে’ ফিচার বন্ধ রাখুন
‘অটো–প্লে’ চালু থাকলে একটি ভিডিও শেষ হলেই পরেরটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়, যা অজান্তেই বাড়িয়ে দেয় ডেটা ব্যবহার। তাই ইউটিউবের হোম স্ক্রিনে গিয়ে ‘অটো–প্লে’ অপশনটি বন্ধ করে দিন। এতে আপনি কোন ভিডিও দেখবেন, সেটির নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে।
৪. ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করুন
অনেক সময় ইউটিউব অ্যাপ খোলা না থাকলেও ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করে। এটি বন্ধ করতে আপনার ফোনের সেটিংসে যান—Settings → Apps → YouTube → Mobile Data & Wi-Fi → Background Data অপশনটি অফ করুন। এতে অপ্রয়োজনীয় ডেটা খরচ রোধ করা যাবে।
ডেটা সাশ্রয় মানেই নিম্নমানের অভিজ্ঞতা নয়—বরং স্মার্ট ব্যবহারের মাধ্যমে আপনি একইভাবে ভিডিও উপভোগ করতে পারেন অনেক কম খরচে। সামান্য সচেতনতা আপনাকে বাঁচাতে পারে ডেটা খরচের পাশাপাশি বাড়িয়ে দিতে পারে ফোনের ব্যাটারির স্থায়িত্বও।
আর/