বলিউড তারকা দীপিকা পাড়ুকোন সম্প্রতি কর্মক্ষেত্রে দৈনিক ৮ ঘণ্টা কাজের সময়সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন। এই বক্তব্য ঘিরে যখন গোটা চলচ্চিত্র অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে, তখন টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক প্রকাশ্যে সমর্থন জানালেন দীপিকার অবস্থানকে।
মাতৃত্ব ও পেশাজীবনের অভিজ্ঞতা থেকে কোয়েলের মত, দীপিকার দাবি পুরোপুরি যৌক্তিক। এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, “আমার মনে হয়, মা হওয়ার পর দীপিকা চেয়েছিলেন নিজের এবং সন্তানের জন্য নির্দিষ্ট সময় রাখতে। প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করা তার একেবারে ন্যায্য চাওয়া, এতে অন্যায় কিছুই নেই।”
কোয়েলের মতে, মা হওয়ার পর একজন নারীর জীবনে অনেক পরিবর্তন আসে। তাই কাজের সময় ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “মাতৃত্বের পর নারীদের জন্য সময় ব্যবস্থাপনা অনেক চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এই পরিস্থিতিতে কর্মক্ষেত্রে নমনীয়তা থাকা উচিত।”
তবে তিনি প্রযোজনা সংস্থার দিকটিও গুরুত্ব দিয়ে দেখেছেন। কোয়েলের ভাষায়, “যখন বড় বাজেটের ছবি তৈরি হয়, তখন প্রতিটি ঘণ্টার আলাদা খরচ থাকে। সেট তৈরি, আলো, ক্যামেরা—সব কিছুতেই ব্যয় হয় বিপুল অর্থ। তাই বিষয়টি আসলে শিল্পী ও প্রযোজকের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সমাধান হওয়া দরকার।”
দুই সন্তানের জননী হয়েও বর্তমানে টলিউডে নিয়মিত কাজ করছেন কোয়েল মল্লিক। এ বছরই মুক্তি পেয়েছে তার একাধিক চলচ্চিত্র। কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রেখে চলার অভিজ্ঞতা থেকেই তিনি দীপিকার অবস্থানকে সমর্থন করছেন বলে জানান।
বলিউডে যখন দীপিকার ৮ ঘণ্টার কর্মদিবসের প্রস্তাব নিয়ে নানা মত উঠে আসছে, তখন কোয়েলের এই মন্তব্য টলিউডের পক্ষ থেকে এক সংহতির বার্তা হিসেবেই দেখা হচ্ছে চলচ্চিত্র মহলে।
আর/