বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন।
গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত এবং সহকর্মীদের অভিনন্দনে ভাসছেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। সাধারণত প্রসবের একদিন পরেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ক্যাটরিনাকে এখনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তাকে আরও কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। যদিও চিকিৎসকরা এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। হাসপাতাল কর্তৃপক্ষের একটি বিবৃতিতে জানানো হয়েছে, “মা এবং সন্তানের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শে ক্যাটরিনা কাইফকে আরও কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।”
জীবনের নতুন এই অধ্যায় শুরু করায় বলিউড তারকাদের মধ্যে শুভেচ্ছার বন্যা বইছে। কারিনা কাপুর খান এই দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “ক্যাট, ‘বয় মাম্মা’ ক্লাবে তোমাকে স্বাগত।” প্রিয়াঙ্কা চোপড়া তার শুভেচ্ছাবার্তায় বলেছেন, “খুব খুশি হয়েছি! অনেক ভালোবাসা রইল।”
আর/