মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (০৩ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় বিজিবি।
বিজিবির তথ্য অনুযায়ী, পুশ–ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৬ জন পুরুষ, ১০ নারী এবং ৪ শিশু। তারা সবাই বিভিন্ন সময়ে দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। সাজা শেষ হতেই সীমান্তের ১৪০/৬ এস পিলারের কাছাকাছি ভারতীয় এলাকা থেকে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়।
বিজিবি জানায়, এ ব্যক্তিরা দেশের নানা জেলার বাসিন্দা এবং দীর্ঘ কারাবাস শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাদের সীমান্ত গেট খুলে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। কলকাতার বিভিন্ন কারাগারে তারা আটক ছিলেন বলেও জানা গেছে।
পুশ–ইন হওয়া সবাইকে বিজিবি প্রথমে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে। পরে গাংনী থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরাইল জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
আর/