শীতের সময় পাকা পেঁপে খাওয়া দেহের জন্য বেশ উপকারী হিসেবে বিবেচিত হয়। ঠান্ডা মৌসুমে সাধারণত হজম প্রক্রিয়া মন্থর হয়, ত্বকে শুষ্কতা দেখা দেয় এবং রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়—এ সময় পাকা পেঁপে এসব সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শীতে পাকা পেঁপে খেলে দেহে যে পরিবর্তনগুলো দেখা দেয়—
১. হজমে সহায়তা করে
পেঁপেতে থাকা প্রাকৃতিক এনজাইম প্যাপেইন খাদ্য ভাঙতে দ্রুত কাজ করে। শীতকালে হজম ক্ষমতা কমে যাওয়ায় পেঁপে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও বদহজমের সমস্যা কমাতে কার্যকর ভূমিকা রাখে।
২. রোগ প্রতিরোধক্ষমতা জোরদার করে
এ ফলের ভিটামিন সি শরীরে প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করে। শীতে ঠান্ডা–কাশির ঝুঁকি বেড়ে যাওয়ায় নিয়মিত পেঁপে খেলে ইমিউন সিস্টেম সক্রিয় থাকে।
৩. ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে
পেঁপেতে থাকা ভিটামিন এ, ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে। ফলে শুষ্ক মৌসুমেও ত্বক থাকে কোমল ও উজ্জ্বল।
৪. ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে
কম ক্যালরি ও বেশি আঁশ থাকার কারণে পাকা পেঁপে দ্রুত পেট ভরায়। ফলে শীতে খাবারের প্রতি অতিরিক্ত চাহিদা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
৫. ঠান্ডা মৌসুমে শক্তি যোগায়
পটাশিয়াম, ফোলেটসহ প্রয়োজনীয় ভিটামিন–মিনারেলে ভরপুর এই ফল শরীরকে পুষ্টি জোগায় এবং ঠান্ডায় শক্তি ধরে রাখতে সহায়তা করে।
কারা সতর্ক থাকবেন—
যাদের হজমশক্তি খুব কম, তারা বেশি পরিমাণে পেঁপে খেলে ডায়রিয়া হতে পারে—তাই পরিমিত খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ডায়াবেটিস রোগীদেরও নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়াই উত্তম।
যাদের পেঁপেতে অ্যালার্জি থাকে, তাদের এ ফল এড়িয়ে চলা উচিত।
দিনে প্রায় ১ কাপ (১০০–১৫০ গ্রাম) পাকা পেঁপে শীতকালে খাওয়াকে নিরাপদ ও উপকারী বলে বিশেষজ্ঞরা মনে করেন।
আর/