দেশে ধর্মের আবরণ ব্যবহার করে বিভেদের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, বাঙালি সমাজ ধর্মনিষ্ঠ হলেও রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় বিভাজন সৃষ্টির পক্ষে নয়।
রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ‘দেশ গঠনের রূপরেখা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেড় দশক পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তবে সেই পথ সহজ নয়—বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিএনপিকে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তাই ডিজিটাল পরিসরে সতর্ক থাকতে হবে। তার মতে, দেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে সক্ষম একমাত্র শক্তি বিএনপি। একই সঙ্গে তিনি বলেন, গত সরকারের সময়ে ভেঙে পড়া রাষ্ট্রীয় সংস্থাগুলো পুনরুদ্ধার করে নতুনভাবে সাজাতে হবে।
বিএনপির মহাসচিব আরও বলেন, দেশের তরুণ প্রজন্মের চিন্তা–চেতনায় বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। সবাই পরিবর্তনের জন্য প্রস্তুত। নতুন বাংলাদেশের স্বপ্ন এখন সব মহলে ছড়িয়ে পড়েছে। পুরোনো প্রশাসনিক কাঠামো আর কার্যকর থাকছে না বলেও মন্তব্য করেন তিনি। তাই বিএনপিকে সমসাময়িক ভাবনা ও আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেন মির্জা ফখরুল।
আর/