ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী সমাধিস্থল থেকে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতপরিচয় ১১৪ শহীদের কবর উত্তোলনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সিআইডি। আদালতের নির্দেশ অনুযায়ী পরিচয় নির্ধারণ ও ডিএনএ বিশ্লেষণের লক্ষ্যে রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে এই কার্যক্রম চালানো হচ্ছে।
অপরাধ তদন্ত বিভাগের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগত উল্লাহ তদারকি করতে গিয়ে সাংবাদিকদের জানান, পুরো উত্তোলন কাজ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করা হবে। নমুনা সংগ্রহ ও ফরেনসিক পরীক্ষা শেষে মরদেহগুলো পুনরায় যথাযথ সম্মানের সঙ্গে সমাহিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত এই ব্যক্তিদের পরিচয় না জানা থাকায় গত বছর রায়েরবাজারেই তাদের দাফন করা হয়েছিল। পরে ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদন গ্রহণ করে ঢাকা মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কবর উত্তোলনের নির্দেশ প্রদান করেন।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতের আইনি প্রক্রিয়া এবং নিহতদের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার বিকল্প নেই। পরিচয় শনাক্ত হওয়ার পর মরদেহ সংশ্লিষ্ট পরিবারের নিকট হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে।
উত্তোলন অভিযান পর্যবেক্ষণের জন্য সিআইডি প্রধানের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডার নেতৃত্বে একটি নৃবিজ্ঞানী দল উপস্থিত ছিল। নির্বিঘ্নে কাজ পরিচালনার জন্য অপরাধ দৃশ্য ইউনিট কবরস্থানে তাঁবু, প্রযুক্তিগত সরঞ্জামসহ প্রয়োজনীয় সব সুবিধা স্থাপন করেছে।
আর/