বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) আন্দোলনের দশম দিনেও তারা রাজপথে অবস্থান নিয়েছেন।
সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা ১১টার দিকে জাতীয় শিক্ষক-কর্মচারী পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করার কথা রয়েছে।
এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
এর আগে, সোমবার নবম দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করেন তারা। শিক্ষকরা জানান, দীর্ঘ আন্দোলনের পরও তাদের ন্যায্য দাবি পূরণের কোনো নিশ্চয়তা মেলেনি। তাই আন্দোলন আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু ৫ অক্টোবর সেই প্রজ্ঞাপন প্রকাশের পর শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার থেকে তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা ‘ভুখা মিছিল’ নিয়ে শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে রওনা দিলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষকরা শহীদ মিনারে ফিরে গিয়ে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেন।
সন্ধ্যায় সেখানে আয়োজিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন অব্যাহত থাকবে।
আর/