সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই দারুণ সরব বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে গভীর কোনো উপলব্ধি সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার মাকে নেয় এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
অমিতাভ লিখেছেন, ‘আমরা অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি এবং তা নিয়ে অযথা দুশ্চিন্তা করি। অথচ দৃষ্টিভঙ্গিতে সামান্য বদল আনলেই বা সহজ কোনো উপায় খুঁজে নিলেই অনেক জটিলতা মিটে যেতে পারে।’
তিনি মনে করেন, দিনের পর দিন যে বিষয়গুলো আমাদের অস্বস্তিতে রাখে, তা ছোট্ট এক পরিবর্তনেই সহজ হয়ে যায়। তখন নিজের কাছেই প্রশ্ন জাগে এইটুকু বিষয়ের জন্য এত ভাবনার কি আদৌ প্রয়োজন ছিল?
শৈশবের দিনগুলোর কথা স্মরণ করে অমিতাভ জানান, জীবনের কঠিন সময়ে মা তেজি বচ্চনই ছিলেন তার একমাত্র ভরসা। কখনো মমতার স্পর্শে, আবার কখনো জাদুকরী কোনো উপায়ে মা মুহূর্তেই দূর করে দিতেন সব অস্বস্তি। মায়ের সেই ছোট ছোট যত্নেই লুকিয়ে থাকত গভীর আশ্বাস, যা তাকে আজও পথ দেখায়।
আবেগপ্রবণ অমিতাভ স্বীকার করেছেন, মা আজ শারীরিকভাবে পাশে নেই, কিন্তু তার উপস্থিতি তিনি প্রতি মুহূর্তে অনুভব করেন। তিনি বলেন, ‘মা নেই ঠিকই, কিন্তু শুধু মনে মনে স্মরণ করলেই যেন সেই শান্তি ফিরে আসে। মনে হয়, দূরে থেকেও মা আজও আগলে রাখছেন আমাকে।’
উল্লেখ্য, এর আগেও অমিতাভ তার জীবনের সফলতার পেছনে মায়ের অবদানের কথা জানিয়েছিলেন। ২০১৮ সালের এক ব্লগে তিনি লিখেছিলেন, তার অভিনেতা হওয়ার পেছনে মূল কারিগর ছিলেন তার মা। ছোটবেলা থেকেই গান, নাচ এবং নাটকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাকে শিল্পের দুনিয়ায় পথ চলতে শিখিয়েছিলেন তেজি বচ্চন।
এস/