নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে কেবল নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়— বরং প্রয়োজন সুনির্দিষ্ট করণীয় নির্দেশনা ও বাস্তবসম্মত পদক্ষেপ। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, নির্বাচনকালে এআই–এর অপপ্রয়োগ ও ভুয়া তথ্য প্রচারের ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ইতোমধ্যে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে কাজ করছে।
তার ভাষায়, “এআই অপব্যবহার এখন একটি বৈশ্বিক সংকট। এ বিষয়ে শুধু গাইডলাইন নয়, প্রয়োজন স্পষ্ট নির্দেশনা ও কার্যকর প্রয়োগব্যবস্থা।”
নাসির উদ্দিন আরও জানান, ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা রোধে একটি বিশেষ সেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, নির্বাচনের সময় কোন সংস্থা কীভাবে অপতথ্য মোকাবিলা করবে, তা নির্দিষ্ট করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, “দূরবর্তী ও দুর্গম অঞ্চলেও কীভাবে এআই–সৃষ্ট অপতথ্য প্রতিরোধ করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন বরাবরই এবারের নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন ।
আর/