গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে দেশটির সরকার। ক্ষমতা হারানোর দুই সপ্তাহ পর সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলোর জারি করা এক সরকারি আদেশে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করায় তার মালাগাসি নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। মাদাগাস্কারের সংবিধান অনুযায়ী, কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নিজ দেশের নাগরিকত্ব বাতিল হয়ে যায়।
৫১ বছর বয়সী আন্দ্রি রাজোলিনা ক্ষমতা হারানোর পর থেকে নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, ফরাসি বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে তিনি ফ্রান্সে আশ্রয় নিয়েছেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
রাজোলিনার দেশত্যাগের একদিন পর, গত ১৪ অক্টোবর সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়। এর আগে বিদ্যুৎ ও পানি সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দুর্নীতির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে।
১১ অক্টোবর সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের সদস্যরা আকস্মিকভাবে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সময়েই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত ঘোষণা করা হয় এবং তিনি গোপনে দেশ ত্যাগ করেন।
সূত্র: ব্লুমবার্গ
আর/