তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। এদিন বিএনপির পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করছেন।
এর আগে চতুর্থ দিনের শুনানিতে জামায়াতে ইসলামীপন্থী আইনজীবী শিশির মনির আদালতে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমধর্মী ও অনন্য ব্যবস্থা ছিল। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার ঘাটতির কারণে সেই পদ্ধতি বিলুপ্ত হয়।
তৃতীয় দিনের শুনানিতে একই আইনজীবী আরও বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা ছিল এক পরিকল্পিত পদক্ষেপ।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করেন আপিল বিভাগ। আদালত আপিলের অনুমতি দিলে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী’র মহাসচিব গোলাম পরওয়ার আপিল দাখিল করেন।
প্রসঙ্গত, ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।
আর/