নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি–সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই মন্তব্য করেন। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। গুলশানের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপিদলীয় প্রার্থী মনোনয়নবঞ্চিত হবেন জানিয়ে তারেক রহমান নেতা-কর্মীদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সবাই এই বাস্তবতাকে মেনে নেবেন। তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচন যথাসময়ে হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ বাড়ছে।
আর/