সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে প্রাণহানি বা আঘাতপ্রাপ্ত পরিবারের জন্য আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ সহায়তা ঢাকায় বসবাসরত বা ঢাকায় অবস্থানকালে দুর্ঘটনায় পড়া নিহত ও আহতদের পরিবারকে প্রদান করা হবে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে দেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পে নিহত ব্যক্তির পরিবারের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে। একই সঙ্গে আহতদের জন্য চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথা বলা হয়েছে।
আহত ব্যক্তি কিংবা তার পক্ষে হাসপাতালে থাকা কোনো আত্মীয় বা পরিচর্যাকারী জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করলেই সহায়তা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়। এজন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বর +৮৮০১৭০০৭১৬৬৭৮ এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী এলাকায়, এবং ভূগর্ভের গভীরতা ছিল ১০ কিলোমিটার—এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আর/