হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো এলাকায় কয়েকটি উচ্চ ভবন নিয়ে গঠিত একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। গুরুতর দগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে কমপ্লেক্সটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে রাত সোয়া ৮টার দিকে সংবাদ সম্মেলনে হংকং ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন জানান, দুর্ঘটনাস্থল থেকে মোট ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম এএফপির তথ্য অনুযায়ী, তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক এলাকায় কমপ্লেক্সের অন্তত তিনটি টাওয়ারে নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচায় প্রথমে আগুন লেগে যায়। পরে আগুন দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আট ব্লকের এই কমপ্লেক্সে প্রায় দুই হাজার আবাসিক ইউনিট রয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে—একাধিক টাওয়ারের বাহিরের মাচা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে পাশের একটি গুরুত্বপূর্ণ সড়কের আংশিক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বাসিন্দাদের ঘরে অবস্থান করা, দরজা-জানালা বন্ধ রাখা এবং আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া অগ্নিকাণ্ড-কবলিত এলাকাজুড়ে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চলের একটি ভবনের মাচায় দুর্ঘটনাজনিত আগুনে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সূত্র: এএফপি
আর/