কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে আয়োজিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্ব নির্ধারণ মানুষের হাতে নয়, তা আসে একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছায়। তার ভাষায়, “কে নেতৃত্ব দেবে, তা কেউ বসে ঠিক করতে পারে না; ভাগ্যের লিখন ছাড়া নেতৃত্ব গড়ে ওঠে না। আমরা শুধু সেই ব্যবস্থার বাহক।”
গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার ওই পথসভায় তিনি আরও বলেন, “ভোটে আমি দশটি ভোট পেলেও দেবীদ্বার ছাড়ব না। জয়-পরাজয় যাই হোক, দেবীদ্বারের মানুষের সঙ্গেই থাকব। এই এলাকা আমার জীবনের অংশ—এখানকার মাটি, বাতাস, মানুষই আমার শক্তি। আমি এখানে ভোট চাইতে না, পরিচিত হতে ও আপনাদের দোয়া চাইতে এসেছি।”
নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, “এই দেশের প্রকৃত নেতৃত্ব এসেছে সাধারণ পরিশ্রমী মানুষের হাত ধরে। ঘামঝরা শ্রমিক, আমার বাবার মতো রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রিরা এই দেশের নেতৃত্ব তৈরি করেছেন। কিন্তু সমাজের কিছু উচ্চবিত্ত মানুষ এদের মানুষ বলে গণ্য করেন না, ‘কামলা’ বলে অপমান করেন। সেই অবহেলিত মানুষের সন্তান হিসেবেই আজ আমি প্রার্থী হয়েছি। এখন থেকে দায়িত্ব আপনাদেরই নিতে হবে।”
আর/