কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অহিদুর রহমান নামে এক ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে অবস্থিত তাঁর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে অহিদুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনের বিশেষ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বর্তমানে ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও প্রশাসনিক সূত্রের তথ্যমতে, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ঢালুয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনকালীন বিধিনিষেধ অনুযায়ী তাঁকে সাময়িকভাবে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়। এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে বদরপুর ওয়ার্ডের ইউপি সদস্য অহিদুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অহিদুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত অষ্টম আসামি। মামলার প্রেক্ষিতেই শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী বলেন, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে বর্তমানে ইউনিয়ন পরিষদের দায়িত্ব কার হাতে ন্যস্ত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইন ও বিধি অনুযায়ী প্যানেলভুক্ত কাউকে দায়িত্ব দেওয়া অথবা প্রশাসক নিয়োগের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
আর/