ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন শিশু।
হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে তিন মাস বয়সী এক শিশুকে হামের লক্ষণ নিয়ে গত ৯ই এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ই এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সবাই হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, গত ১৭ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত মোট ৬১১ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১৯ জন এবং মারা গেছে ১৪ শিশু।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭২ শিশু। বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু।
এস/