ভোলার দৌলতখান উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন তেলবাহী জাহাজ থেকে অবৈধভাবে সংগৃহের পর মজুত করা ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা।
মঙ্গলবার (২১শে এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
এর আগে, সোমবার দিবাগত রাতে উপজেলার মেঘনা-তীরবর্তী চৌকিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভোলার দৌলতখান থানাধীন চৌকিঘাট-সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে সোমবার রাত ৮টায় কোস্টগার্ডের ভোলা বেইস কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি করে অবৈধভাবে মজুতের উদ্দেশে স্থানান্তরের সময় প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৪ হাজার ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত তেল দেশীয় বিভিন্ন তেলবাহী জাহাজ থেকে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সংগ্রহ করে মজুতের উদ্দেশে স্থানান্তর করছিল। জব্দকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এস/