বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সতর্ক করে বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কোনো রকম দেরি বা গড়িমসি হলে তা হবে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, “আজকের এই স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। গত পাঁচ দশকের বেশি সময় ধরে দেশ নানা ধরনের অনাচার, অব্যবস্থাপনা ও অপশাসনের শিকার হয়েছে। কিন্তু আজ আমরা সকল দলের ঐকমত্যে একটি জাতীয় সনদে স্বাক্ষর করেছি। এটি আন্তরিকভাবে বাস্তবায়িত হলে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন আসবে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা—যারা আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন, তারা যেন এই সনদের প্রতিটি অঙ্গীকার ও প্রতিশ্রুতি পূর্ণভাবে গ্রহণ করেন।”
আইনি স্বীকৃতির দাবি:
জামায়াতের এই শীর্ষ নেতা আরও জানান, দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত এই সনদে অংশ নেওয়া সব পক্ষের সম্মতি রয়েছে। তবে এটি এখনো আইনি স্বীকৃতি পায়নি, যা অনেকের মনে অনিশ্চয়তা তৈরি করেছে।
তিনি বলেন, “আমরা দাবি জানাই—খুব শিগগিরই এই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আমরা প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখছি যে তিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং নতুন কোনো রাজনৈতিক সংকট তৈরি হতে দেবেন না।”
ডা. তাহের আরও বলেন, “যদি সরকার এ বিষয়ে দেরি করে বা ভিন্ন কোনো পথে হাঁটে, তবে তা হবে জাতির সঙ্গে প্রতারণা। এতে অযাচিত রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, যা দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর।”
আর/