নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদিত তালিকা থেকে নিজেদের নির্বাচনী প্রতীক চূড়ান্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতে আজ রবিবার (১৯ অক্টোবর) পর্যন্ত সময় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বাছাই করলে কমিশন নিজস্ব বিবেচনায় দলটির প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছে ইসি।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীকের বিষয়ে লিখিতভাবে জানাতে হবে। যদি তারা তা না করে, তবে কমিশন নিজের সিদ্ধান্তে প্রতীক নির্ধারণ করবে। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালায় নতুন করে ‘শাপলা’ প্রতীক যোগ করার প্রয়োজন নেই বলে মনে করে কমিশন।
এদিকে, আজ রবিবার সকাল ১১টায় এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে বলে জানা গেছে।
এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালায় উল্লিখিত ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নেওয়ার নির্দেশ দিয়েছিল ইসি। তবে এনসিপির দাবি, তারা শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকেই অংশ নিতে চায়—এই প্রতীকের বিকল্প কোনো চিহ্ন তারা গ্রহণ করবে না ।
আর/