বর্তমান স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটালেও অতীতের স্মৃতি ভুলে যেতে পারছেন না বলিউড অভিনেতা সাইফ আলি খান। সম্প্রতি অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় একটি জনপ্রিয় টক শোতে অংশ নিয়ে নিজের মনের কথা খোলামেলা ভাবে জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে সাইফ বলেন, ‘আমি এখন খুবই সুখে আছি কারিনার সঙ্গে, তবে সত্যি বলতে মাঝে মাঝে অমৃতা সিংয়ের কথা মনে পড়ে যায়।’
তিনি আরও যোগ করেন, ‘অমৃতা আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চলচ্চিত্রজগতে কীভাবে নিজের জায়গা তৈরি করতে হয়, সেটা প্রথম তিনিই আমাকে বুঝতে সাহায্য করেছিলেন। তাঁর অবদান ভাষায় বোঝানো কঠিন। যদিও তাঁর দেওয়া কিছু পরামর্শ আমার কাজে লাগেনি, তবে জীবনের অনেক কিছু তিনি আমাকে শিখিয়েছেন। সন্তানদেরও তিনি দারুণভাবে মানুষ করেছেন—তাই আজও ওর প্রতি একটা শ্রদ্ধা থেকে যায়।’
অভিনেতা জানান, বর্তমানে অমৃতার সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও নিয়মিত যোগাযোগ হয় না। সাইফের ভাষায়, ‘এখনও সম্পর্কটা সম্মানজনক, তবে কথা হয় শুধু বিশেষ পরিস্থিতিতে—যেমন আমি অসুস্থ হলে বা কোনো জরুরি বিষয় ঘটলে।’
১৯৯১ সালে বয়সে ১২ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান—সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। কয়েক বছরের মধ্যেই সম্পর্কে ভাঙন দেখা দেয় এবং শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে যান। পরে ২০১২ সালে কারিনা কাপুরের সঙ্গে নতুন জীবনে পা রাখেন সাইফ ।
আর/