হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার তিন দিনের জন্য অতিরিক্ত ফ্লাইট সংক্রান্ত সব ফি ও চার্জ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই ঘোষণা দেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় এবং সংশ্লিষ্ট কারও অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা যাচাই করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। উপদেষ্টা আরও জানান, আগুন লাগার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
অন্যদিকে, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, এ ঘটনায় সম্ভাব্য ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে।
পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার জরুরি কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—আগামী তিন দিন শুক্র ও শনিবারেও আমদানি পণ্য ছাড়ের কার্যক্রম চালু রাখা, ছাড়ের সময়সীমা ৩৬ ঘণ্টার মধ্যে নামিয়ে আনা, এবং সাময়িক বিকল্প হিসেবে আমদানি পণ্যসমূহ থার্ড টার্মিনালে সংরক্ষণের উদ্যোগ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সব প্রকার প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা অব্যাহত থাকবে ।
আর/