অভিনয়ের মঞ্চে দুই বাংলাতেই সমান দক্ষতার ছাপ রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকার মেয়েটি আজ কলকাতার সিনেমায় এক দশকেরও বেশি সময় ধরে সফলভাবে কাজ করছেন। তবে নিজ দেশে তাকে তুলনামূলকভাবে কম দেখা যায় বড় পর্দায়। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন, কেন ঢালিউডে তার উপস্থিতি এত সীমিত।
জয়ার ভাষায়, দেশে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী কাজের সুযোগ পাচ্ছিলেন না। সেই কারণেই শিল্পের টানে কলকাতার পথে পা বাড়ান। তিনি বলেন, ‘বাংলাদেশে তখন এমন কোনো কাজ পাচ্ছিলাম না যা আমাকে সন্তুষ্ট করতে পারে। শিল্পই আমার জীবনের প্রধান লক্ষ্য, তাই অভিনয় চালিয়ে যাওয়ার জন্য অন্য পথ বেছে নিতে হয়েছিল। অভিনয় ছাড়া আমি আর কিছু জানি না।’
দেশের চলচ্চিত্র অঙ্গনে টিকে থাকতে অনেক সময় পরিচালকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখতে হয়—এমন পরোক্ষ ইঙ্গিত দিয়ে জয়া বলেন, ‘যে নির্মাতাদের সঙ্গে নিয়মিত কাজ করেছি, তারা আমাকে ঠিকভাবে ব্যবহার করেননি। আমাদের এখানে অনেক পরিচালকই হয় বান্ধবীর সঙ্গে কাজ করেন, নয়তো স্ত্রীর সঙ্গে। আমি এসবের অংশ হইনি, হবও না। তাই হয়তো আমাকে একপাশে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু কলকাতায় তেমনটা হয়নি। সেখানে বাইরের একজন হয়েও আমি সম্মান পেয়েছি, তারা আমার জন্য চরিত্র লিখেছে, গল্প তৈরি করেছে।’
তিনি আরও জানান, বাংলাদেশের অনেক নির্মাতা এখনো নারীকে কেন্দ্র করে গল্প নির্মাণে অনীহা প্রকাশ করেন। জয়ার মতে, ‘অনেক পরিচালকই নারীপ্রধান সিনেমা করতে ভয় পান। আর করলেও নিজের কাছের কাউকে বা কোনো জনপ্রিয় নায়ককে প্রাধান্য দেন। অথচ অনেক প্রতিভাবান নির্মাতা আছেন যারা চাইলে আমার বা অন্য গুণী অভিনেত্রীদের নিয়ে দুর্দান্ত কাজ করতে পারতেন, কিন্তু করেননি।’
সম্প্রতি জয়া আহসান অভিনয় করেছেন বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতে’-তে। ইরানি পরিচালক মুর্তজা অতাশের পরিচালনায় নির্মিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।
আর/