রাজধানীর কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ এক ‘দুষ্টুমি’র ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক কিশোর শ্রমিক। আহত ওই শ্রমিকের নাম মো. তানভীর (১৪)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চেয়ারম্যানবাড়ি এলাকার মোস্তফা প্লাস্টিক অ্যান্ড বোতল কারখানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় কাজ করার সময় কয়েকজন শ্রমিক মজা করার উদ্দেশ্যে তানভীরের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস প্রবাহিত করে। এতে সে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে যায়। পরে রাত ৯টার দিকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করার নির্দেশ দেন।
তানভীরের বাবা মো. মানিক বলেন, “আমরা চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামের বাসিন্দা। কাজের প্রয়োজনে বর্তমানে কামরাঙ্গীরচরের কয়লার ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার ছেলে ওই কারখানায় কাজ করত। সেখানে এমন দুর্ঘটনা ঘটবে ভাবতেই পারিনি।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর অবস্থায় কিশোরটিকে হাসপাতালে আনা হলে দ্রুত চিকিৎসা শুরু করা হয়। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সহকর্মীদের অসচেতন দুষ্টুমির ফলাফল হলেও ঘটনাটি আইনি তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
আর/