টলিউডের সবচেয়ে আলোচিত জুটি দেব ও রুক্মিণী। দীর্ঘদিন ধরেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে চলছে নানা আলোচনা। প্রকাশ্যে সম্পর্কের কথা না বললেও একসঙ্গে থাকা, ঘুরতে যাওয়া কিংবা ইভেন্টে অংশ নেওয়া—সবকিছুতেই যেন ফুটে উঠেছিল তাদের মধুর সম্পর্ক। তবে সম্প্রতি একের পর এক ঘটনায় বিনোদনপাড়ায় জোর গুঞ্জন, নাকি এবার ভাঙনের সুর শোনা যাচ্ছে দেব–রুক্মিণীর সম্পর্কে!
শিল্পমহলের অভ্যন্তরীণ সূত্র বলছে, গত কয়েক মাস ধরেই দুজনের মধ্যে মনোমালিন্য চলছে। দেবের এক সহ-অভিনেত্রীর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা নিয়েও নাকি রুক্মিণীর আপত্তি ছিল। এমনকি গত বছর এক সময় রুক্মিণী ইনস্টাগ্রাম থেকে দেবকে আনফলো করে দিয়েছিলেন—যা নিয়ে নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। যদিও পরে দেবের জন্মদিনের পার্টিতে প্রেমিকাকে দেখা গিয়েছিল, তখন মনে হয়েছিল সব ঠিকঠাক।
কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আবারও সন্দেহ জাগিয়েছে ভক্তদের মনে। দেবের ২০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠান থেকে শুরু করে ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনী—সব জায়গাতেই রুক্মিণীর অনুপস্থিতি চোখে পড়েছে। এতে করে টলিপাড়ায় নতুন করে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন।
এদিকে সম্প্রতি এক কালীপূজার উদ্বোধনে যোগ দিতে মুম্বাই থেকে অল্প সময়ের জন্য কলকাতায় ফিরেছিলেন রুক্মিণী। বর্তমানে কাজের সুবাদে তিনি বেশিরভাগ সময় কাটাচ্ছেন মুম্বাইয়েই। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন কেন দেবের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যায়নি, তিনি হাসিমুখে বলেন,
“আসলে এখন কাজের জন্য বাইরে আছি। কালীপূজার জন্য মাত্র এক দিনের জন্য কলকাতায় এসেছি। কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়ে আবার কালই চলে যাব দিল্লি, ভাইঝি আমাইরার জন্মদিনে।”
তবে দেবের পাশে না থাকার প্রসঙ্গে সরাসরি প্রশ্ন তুলতেই রহস্যময়ভাবে তিনি বলেন, “একটাই কথা বলব—আমাকে খুঁজে যেও।”
অন্যদিকে, দেবও অতীতে এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন। ‘ধূমকেতু’ সিনেমার প্রচারের সময় অভিনেতা বলেছিলেন,
“যারা এসব রটাচ্ছে, তারা কি আমার সঙ্গে থাকে? তাহলে জানল কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী হচ্ছে? আমি ১২ বছর ধরে এক সম্পর্কে আছি, কখনও সেটা নিয়ে বড় করে কথা বলিনি। এখন হঠাৎ এত প্রশ্নের জবাব দিতে হবে কেন?”
সব মিলিয়ে দেব–রুক্মিণীর সম্পর্ক নিয়ে জল্পনা এখন তুঙ্গে। তবে সত্যিই কি ভাঙনের পথে এই তারকা জুটি, নাকি সবই নিছক গসিপ—সেটাই এখন সময়ের অপেক্ষা।
আর/