বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আশা করছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।”
তারেক রহমানের ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঠিক হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপি নেতা বলেন, “খুব শিগগিরই নির্ধারিত তারিখটি সবাই জানতে পারবেন। আশা করছি, নভেম্বর মাসের মধ্যেই তিনি দেশে আসবেন।”
জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন—এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই বলেছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন। কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা পরবর্তীতে নির্ধারণ করা হবে। তিনি চাইলে দেশের যেকোনো আসন থেকেই নির্বাচন করতে পারেন।”
এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন কি না—এই প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া তার শারীরিক অবস্থা বিবেচনা করে নিজেই সিদ্ধান্ত নেবেন নির্বাচনে অংশ নেবেন কি না। আমরা অবশ্যই চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন।”
আর/